শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্ব পাশে ফেকামারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবি। পরে রাতে আটক ব্যক্তিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার পানিহাতা-ফেকামারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন ওই ছয়জন। তাদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ এবং তিনজন শিশু রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন নুরজাহান খাতুন (৩২), আবিদ মুক্তি (২৬) ও আনোয়ারা (২০)। তাদের সঙ্গে থাকা শিশুদের নাম সাকিব হাসান শেখ (২), আকিব হাসান (৪) ও রাকিব হাসান (৮)।
বিজিবি জানিয়েছে, আটক ছয়জনের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন তারা। এরপর থেকে বাংলাদেশে অবস্থান করছিলেন বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।
সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত ঠেকাতে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ এবং অবস্থানের বিষয়টি তদন্তের আওতায় আসতে পারে।
দেশের সীমান্ত পরিস্থিতি, অপরাধ ও জাতীয় সংবাদ জানতে নিয়মিত ভিজিট করুন তথ্য প্রকাশ-এ।
শেরপুর প্রতিনিধি 


















