যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ৬১৭ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন অন্তত ৪৫ জন। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সংক্রমণের এই হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসটির সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মান্ডি বুড। গত দুই মাস ধরে তিনি পা নাড়াতে পারছেন না। ভাইরাসের কারণে সৃষ্ট স্নায়বিক জটিলতায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন তিনি।
নিজের বেঁচে ফেরাকে বড় সৌভাগ্য হিসেবে উল্লেখ করে বুড বলেন, ‘আমি যে এখনো বেঁচে আছি, এটাই বড় কথা।’
ক্যালিফোর্নিয়ায় চলতি বছরের মৃত্যুর সংখ্যা রেকর্ড অনুযায়ী দ্বিতীয় সর্বোচ্চ বলে জানা গেছে। সাম্প্রতিক মাসগুলোতে অঙ্গরাজ্যটিতে স্বাভাবিক সময়ের তুলনায় তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা বেশি থাকায় মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আবহাওয়া মশাবাহিত রোগের বিস্তারে ভূমিকা রাখতে পারে।
যেভাবে ছড়ায় ওয়েস্ট নাইল ভাইরাস
ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল আফ্রিকার উগান্ডায়। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথম ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়। সংক্রমিত পাখিকে কামড়ানোর মাধ্যমে মশা ভাইরাসটির বাহকে পরিণত হয়। পরবর্তী সময়ে সেই মশা মানুষকে কামড়ালে ভাইরাসটি মানবদেহে ছড়িয়ে পড়তে পারে।
ভাইরাসটি সম্পর্কে চিকিৎসাবিজ্ঞানে এখনো অনেক বিষয় অজানা। এর প্রতিরোধে মানুষের জন্য অনুমোদিত কোনো টিকা কিংবা সংক্রমণ নির্মূলের নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। আক্রান্ত অধিকাংশ মানুষের শরীরে কোনো লক্ষণ দেখা যায় না। তবে কিছু ক্ষেত্রে জ্বর, মাথাব্যথা ও অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিতে পারে।
গুরুতর পরিস্থিতিতে ভাইরাসটি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে সংক্রমণ ঘটাতে পারে। আক্রান্তদের একটি ছোট অংশের ক্ষেত্রে মেনিনজাইটিস বা এনসেফালাইটিসের মতো প্রাণঘাতী জটিলতা তৈরি হয়। গুরুতর স্নায়বিক সংক্রমণের কারণে পক্ষাঘাতও দেখা দিতে পারে।
মানবিক সহায়তা সংস্থাগুলোর পরামর্শক হিসেবে কাজ করা মান্ডি বুডের অবস্থাও একপর্যায়ে সংকটাপন্ন হয়ে পড়ে। লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়ার পর তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
বর্তমানে ফিজিওথেরাপির মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হওয়ার চেষ্টা করছেন তিনি। হাসপাতালে চিকিৎসা ও পুনর্বাসনের ফাঁকে আবার দাঁড়ানোর চেষ্টা করার সময় এএফপিকে বুড বলেন, ‘এটা সত্যিই ভীতিকর।’
জীবনের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফ্লোরিডা অঙ্গরাজ্যে কাটিয়েছেন বুড। সেখানে গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার কারণে মশার উপদ্রব পরিচিত ঘটনা। তবে ক্যালিফোর্নিয়ার তুলনামূলক মনোরম আবহাওয়ায় এসে এমন ভয়াবহ রোগে আক্রান্ত হবেন, তা কখনো ভাবেননি তিনি।
বুডের ভাষায়, ‘ক্যালিফোর্নিয়ার এত সুন্দর আবহাওয়ায় এখানে এসে এ রোগে আক্রান্ত হব, তা কখনো কল্পনাও করিনি।’
মশার কামড় থেকে সতর্ক থাকার পরামর্শ
ওয়েস্ট নাইল ভাইরাসের নির্দিষ্ট চিকিৎসা না থাকায় মশার কামড় এড়িয়ে চলাই সংক্রমণ প্রতিরোধের অন্যতম উপায়। বিশেষ করে মশার সক্রিয়তার সময় শরীর ঢাকা পোশাক পরা, অনুমোদিত মশা প্রতিরোধক ব্যবহার এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে মশার বংশবিস্তার কমানো সম্ভব।
ক্যালিফোর্নিয়ায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি জনস্বাস্থ্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকা মানুষের ক্ষেত্রে সংক্রমণ গুরুতর হওয়ার ঝুঁকি থাকায় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক 


















