রাজধানীর পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত ১০টা ২২ মিনিটে পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ২৮ মিনিটের দিকে শামসুল হক টাওয়ারের বিপরীতে একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) মো. শাজাহান শিকদার এক ক্ষুদে বার্তায় জানান, রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের খবর পেয়ে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণের কাজ শুরু করেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১-এর জোন কমান্ডার মোহাম্মদ এনামুল হক জানান, ভবনের গোডাউনে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী গাদাগাদি করে রাখা হয়েছিল। এ কারণে অগ্নিনির্বাপণের কাজে চ্যালেঞ্জ তৈরি হয়।
তিনি বলেন, ভবনটিতে মাত্র একটি সরু সিঁড়ি থাকায় সেটি দিয়ে ওপরে ওঠা বেশ কষ্টকর ছিল। ফলে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়।
জোন কমান্ডার আরও জানান, চকবাজার এলাকায় এর আগেও অগ্নিনির্বাপণবিষয়ক নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস। এ সময় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করার পাশাপাশি জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরও দেওয়া হয়েছিল।
অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, সেটিও এখনো জানা যায়নি।
আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন: তথ্য প্রকাশের সর্বশেষ সংবাদ | জাতীয় সংবাদ
নিজস্ব প্রতিবেদক | তথ্য প্রকাশ 


















