বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হামলার ভিডিও ধারণ করা একটি মোবাইল ফোন ও ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আগের দিন ১৮ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এ ঘটনা ঘটে।
উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট বাহিরদিয়া গ্রামে সরকারি মহিলা কলেজের পেছনে অবস্থিত মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের দোতলা বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত করে ডিবির একটি দল।
এরই ধারাবাহিকতায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শামীম (২৩) ও মাহমুদুন নবী (৩১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাট থানার মূলঘর এলাকায় একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসান রাসেল (২৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার শরীফুল ইসলাম শামীমের কাছ থেকে ঘটনার ভিডিও ধারণ করা একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অন্যদিকে মেহেদী হাসান রাসেলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ঘটনায় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি হোন্ডা ড্রিম ১১০ সিসি মোটরসাইকেল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: বাগেরহাটের সর্বশেষ সংবাদ | পুলিশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর | দেশের অপরাধ সংক্রান্ত সংবাদ
বাগেরহাট প্রতিনিধি 


















