কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ইঙ্গিত করে সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, বিএনপির সুযোগ-সুবিধা ও অর্জনের অংশীদার হয়ে অন্য রাজনৈতিক দলের সাফল্যের প্রশংসা করা ঠিক নয়।
সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন দুদু। তাঁর বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
আলোচনায় ফজলুর রহমানের রাজনৈতিক অতীত তুলে ধরে দুদু বলেন, তিনি একসময় ছাত্রলীগ ও বাকশালের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের প্রতি তাঁর বিশেষ অনুরাগ রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
দুদু বলেন, ফজলুর রহমান আওয়ামী লীগকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে পারেন এবং তাদের পক্ষে কথা বলতেও পারেন। তবে বিএনপিতে থেকে এমন অবস্থান নেওয়া রাজনৈতিকভাবে অসংগত।
বিএনপি নেতা হয়েও ফজলুর রহমানকে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমানের পক্ষে বক্তব্য দিতে দেখা গেছে। তাঁর এসব মন্তব্যকে কেন্দ্র করে দলের ভেতরে রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
শামসুজ্জামান দুদু এ প্রসঙ্গে বলেন, বিএনপির অর্জন ও সুযোগ-সুবিধা ভোগ করে অন্য দলের সাফল্য প্রচার করা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও অভিযোগ করেন, ফজলুর রহমান বিভিন্ন সময়ে বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার জন্ম দিচ্ছেন।
দুদুর এসব মন্তব্য ঘিরে বিএনপির দুই নেতার রাজনৈতিক অবস্থান ও বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















