আদালতের রায় বা আদেশের প্রতিবাদে কোনো ধরনের হরতাল কিংবা ধর্মঘট আহ্বান করাকে অবৈধ ও সংবিধানবিরোধী ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি দেওয়া হলে সংশ্লিষ্ট বাস মালিক সমিতি বা শ্রমিক সংগঠনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে করা একটি রিটের রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেন।
রায়ে আদালত বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী দেশের সব ব্যক্তি ও কর্তৃপক্ষের জন্য আদালতের রায় ও আদেশ মানা বাধ্যতামূলক। আদালতের কোনো রায়ের সঙ্গে কেউ একমত না হলে আইনসম্মত উপায়ে আপিল করার সুযোগ রয়েছে। তবে রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট ডেকে বিচারিক কার্যক্রমের ওপর চাপ সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।
হাইকোর্ট আরও বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি আইন ও সংবিধানের পরিপন্থী। তাই কোনো সংগঠন আদালতের সিদ্ধান্তের প্রতিবাদে হরতাল বা ধর্মঘটের ডাক দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।
মামলার শুনানিতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আহসান হাবীব। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম।
হাইকোর্টের এ রায়ের ফলে আদালতের রায় বা আদেশের বিরোধিতা করে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনসহ কোনো পক্ষ হরতাল কিংবা ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করলে তা আইনগতভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে।
নিজস্ব প্রতিবেদক 


















