চাঁদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ৫১ পিস ইয়াবা ও ২৯৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন উপজেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৭০ জনকে আটক করা হয়।
রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিয়া নূর।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ মাদকদ্রব্য সেবনের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া ১১ পিস ইয়াবাসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মতলব দক্ষিণ থানা পুলিশ ২৩ গ্রাম গাঁজাসহ দুজনকে এবং মতলব উত্তর থানা পুলিশ ২৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করে।
এ ছাড়া হাজীগঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ দুজন, শাহরাস্তিতে ছয় পিস ইয়াবাসহ দুজন এবং কচুয়ায় পাঁচ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে হাইমচরে একজন, ফরিদগঞ্জে ১৪ জন, মতলব উত্তরে আটজন, হাজীগঞ্জে ১৪ জন, শাহরাস্তিতে ১৭ জন এবং কচুয়ায় ১৬ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, যাচাই-বাছাই শেষে আটক কিশোরদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশের হটলাইনে জানানোর অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন: চাঁদপুরের সর্বশেষ সংবাদ | জাতীয় সংবাদ | অপরাধ ও আইনশৃঙ্খলা
চাঁদপুর প্রতিনিধি 






















