শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রাজধানীর ঐতিহ্যবাহী রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহ, সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন এবং সার্বিক নিরাপত্তা জোরদারের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এ ছাড়া ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে যেকোনো সমস্যা বা জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
বিজিবি মহাপরিচালক জানান, বাহিনীর সদস্যরা পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যেই নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় জোরদারের অংশ হিসেবে তিনি রমনা কালীমন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং রমনা কালীমন্দির সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যের সঙ্গে মতবিনিময় করেন।
রাজধানীর রমনা কালীমন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রাখা হচ্ছে বলেও জানান বিজিবি প্রধান। পূজার প্রস্তুতির শেষ পর্যায়ে নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ সমন্বয় করাই ছিল এ পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য।
পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস অ্যান্ড ট্রেনিং), ঢাকা সেক্টর কমান্ডারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
নিজস্ব প্রতিবেদক 


















