নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, অননুমোদিত রং ও শিল্প লবণ ব্যবহার এবং লাইসেন্স না থাকায় একটি চিপস কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় অবস্থিত আলমগীর চিপস কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমা।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সভাপতি আল আমিন উপস্থিত ছিলেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, কারখানাটিতে চিপস তৈরিতে অননুমোদিত রং ও শিল্প লবণ ব্যবহার, প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি ও শুকানোর অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় কারখানার মালিক আলমগীর হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 





















