জাতিসংঘের পরবর্তী জীববৈচিত্র্যবিষয়ক সম্মেলন কপ-১৮ আয়োজনের দায়িত্ব পেয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। ২০২৮ সালে দেশটির রাজধানী কুইটোতে অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক সম্মেলন।
শনিবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে চলমান কপ-১৭ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর ভোটাভুটিতে ইকুয়েডরকে পরবর্তী আয়োজক হিসেবে নির্বাচিত করা হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, আয়োজক নির্বাচনের ভোটে কুইটো পেয়েছে ৫৫টি ভোট। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী পানামার রাজধানী পানামা সিটি পেয়েছে ৫৩টি ভোট। ফলে মাত্র দুই ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করে ইকুয়েডর।
জাতিসংঘের উদ্যোগে প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয় জীববৈচিত্র্যবিষয়ক এ সম্মেলন। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্যের অবক্ষয় রোধ এবং বিশ্বজুড়ে প্রাকৃতিক সম্পদ ও বাস্তুতন্ত্র সুরক্ষায় কার্যকর লক্ষ্য নির্ধারণের বিষয়গুলো সম্মেলনে গুরুত্ব পায়। এসব লক্ষ্য বাস্তবায়নে দেশগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতাও হয়।
উল্লেখ্য, জাতিসংঘের জীববৈচিত্র্যবিষয়ক সম্মেলন এবং জলবায়ুবিষয়ক সম্মেলন দুটি পৃথক আয়োজন। জীববৈচিত্র্য সম্মেলন দুই বছর পরপর অনুষ্ঠিত হলেও জলবায়ুবিষয়ক সম্মেলন আয়োজন করা হয় প্রতিবছর। আগামী মাসে তুরস্কে জাতিসংঘের পরবর্তী জলবায়ুবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 


















