রাজধানীর গুলশানে আয়োজিত একটি ফ্যাশন শোতে অভিনেত্রী পরীমনিকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ হয়ে তাঁদের উদ্দেশে মিডল ফিঙ্গার প্রদর্শন করেন এই অভিনেত্রী। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
রোববার (৮ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অনুষ্ঠানে পরীমনিকে উদ্দেশ করে উপস্থিত সাংবাদিকদের একটি অংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের দিকে মিডল ফিঙ্গার দেখান অভিনেত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ছাড়েন পরীমনি।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখুন পরীমনির মিডল ফিঙ্গার দেখানোর ভাইরাল ভিডিও
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি।
অভিনেত্রীর বক্তব্যে অনুষ্ঠানের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষের বিষয়টি উঠে আসে। তাঁর অভিযোগ, পুরো আয়োজন ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি ছিল অনাকাঙ্ক্ষিত।
এর আগে গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমনি। তবে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের দাবি ছিল, তাঁর গাড়ি অক্ষত ছিল। এ বিষয়টি নিয়েও পরীমনি ও সাংবাদিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
সাম্প্রতিক ফ্যাশন শোর ঘটনাটি সেই পুরোনো বিরোধকে আবারও আলোচনায় নিয়ে এসেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কেউ পরীমনির মিডল ফিঙ্গার প্রদর্শনের সমালোচনা করছেন, আবার কেউ সাংবাদিকদের আচরণ এবং অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন।
নিজস্ব প্রতিবেদক | তথ্য প্রকাশ 


















