দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়ক ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নামকরণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে ওই সড়কের দুই পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণের মাধ্যমে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। গত ৮ নভেম্বর জারি করা এক চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী, গত ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’-এ গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতি দিতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তের অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়ক ‘গ্রাম পুলিশ সড়ক’ নামে নামকরণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করতে হবে। রোপণ করা গাছগুলো ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচির আওতায় পরিচালিত হবে।
বনায়নের লভ্যাংশের ৪০ শতাংশ পাবেন গ্রাম পুলিশ সদস্যরা
নির্দেশনায় সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশ বণ্টনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বনায়ন থেকে অর্জিত মোট লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। বাকি ৬০ শতাংশ ওই ইউনিয়নের পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমে ব্যয় করতে হবে।
অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের নির্দেশ
স্থানীয় সরকার বিভাগের চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ উপজেলার প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে এ কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পর স্থানীয় সরকার বিভাগকে অবহিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ নির্দেশনার অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপপরিচালক (স্থানীয় সরকার)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ সড়কের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়নের পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের জন্য আর্থিক সুবিধা সৃষ্টির সুযোগ তৈরি হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সামাজিক বনায়ন সম্প্রসারণেও উদ্যোগটি ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন: তথ্য প্রকাশ | জাতীয় সংবাদ | সারাদেশের খবর
নিজস্ব প্রতিবেদক | তথ্য প্রকাশ 


















