অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার সংগীতশিল্পী হিসেবে মাতাবেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। আগামী ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের টাম্পা শহরে অনুষ্ঠিতব্য সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্টে সংগীত পরিবেশন করবেন তিনি।
দুদিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিনে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে অপূর্বর সংগীতানুষ্ঠান। এ উপলক্ষে সম্প্রতি এক ভিডিও বার্তায় ভক্ত ও দর্শকদের সঙ্গে দেখা হওয়ার প্রত্যাশা জানিয়েছেন অভিনেতা।
ভিডিও বার্তায় অপূর্ব বলেন, ‘নিউইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে।’
অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও গানের প্রতিও অপূর্বর রয়েছে বিশেষ আগ্রহ। বিভিন্ন সময়ে টেলিভিশন নাটকে গান গেয়ে দর্শকদের সামনে নিজের সংগীতপ্রতিভার পরিচয় দিয়েছেন তিনি।
গত আগস্টে নিউইয়র্কে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামে নিজের প্রথম একক কনসার্ট আয়োজন করেন এই অভিনেতা। সেই অনুষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে সংগীত পরিবেশনের আমন্ত্রণ পান তিনি।
অপূর্ব জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ১২টি শহর থেকে কনসার্ট আয়োজনের প্রস্তাব পেয়েছেন। তবে তাড়াহুড়া করে নয়, পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই পরবর্তী অনুষ্ঠানগুলো করতে চান তিনি।
দেশেও কনসার্ট করার ইচ্ছা
বছরের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রে কাটালেও বাংলাদেশের দর্শকদের জন্যও সংগীতানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে অপূর্বর। সুযোগ ও পরিস্থিতি অনুকূলে থাকলে দেশেও কনসার্ট করতে চান তিনি।
এদিকে অভিনয় নিয়েও নতুন পরিকল্পনা রয়েছে এই তারকার। সবকিছু ঠিক থাকলে শিগগিরই নতুন সিনেমার ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের উপস্থিতি জানান দেওয়া অপূর্বর ফ্লোরিডা কনসার্ট ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
বিনোদনজগতের তারকাদের খবর, নতুন সিনেমা, নাটক ও সংগীতের সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন তথ্য প্রকাশ-এ।
বিনোদন ডেস্ক 


















