চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অপরাধপ্রবণতা ও অপরাধীদের অপতৎপরতা নিয়ন্ত্রণে সমন্বিত সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম ও সন্ত্রাসপ্রবণ পাহাড়ি এলাকার মোবারক টিলা, সৈয়দের খিল, কাইন্দার কুল, ভাল্লুকীয়া টিলা, মীরেরখীল ও ক্ষেত্রবাজারসহ বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক দল একযোগে অভিযান চালায়।
অভিযানের অংশ হিসেবে পাহাড়ি এলাকার বিভিন্ন বসতবাড়ি, সন্দেহভাজন স্থাপনা এবং তালিকাভুক্ত সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য অবস্থানস্থলে ব্যাপক তল্লাশি চালানো হয়। অপরাধীরা যাতে পাহাড়ের দুর্গম ভূপ্রকৃতি ও বিচ্ছিন্ন বসতিগুলোকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৬ জনকে আটক এবং রেজিস্ট্রেশনবিহীন ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এর আগে চট্টগ্রাম অঞ্চলে অপরাধ দমনে পুলিশের বিভিন্ন অভিযানের খবরও প্রকাশ করেছে তথ্য প্রকাশ। এর মধ্যে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির ঘটনায় নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তারের খবর এবং চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তারের প্রতিবেদন উল্লেখযোগ্য।
পুলিশ জানায়, পাহাড়ি ও দুর্গম এলাকাকে কেন্দ্র করে কোনো অপরাধী চক্র যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, দখলবাজি কিংবা অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ না পায়, সে বিষয়ে জেলা পুলিশ তৎপর রয়েছে।
এ লক্ষ্যে দুর্গম এলাকাগুলোতে অপরাধীদের অবস্থান শনাক্তকরণ, সম্ভাব্য আস্তানা চিহ্নিতকরণ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
অপরাধীরা দুর্গম পাহাড়ে আশ্রয় নিলেও অপরাধ করে আইনের আওতার বাইরে থাকার সুযোগ নেই বলে জানিয়েছে জেলা পুলিশ। সাধারণ মানুষের জানমাল, নিরাপত্তা ও নির্বিঘ্নে বসবাস নিশ্চিত করতে সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধীদের অপতৎপরতা সম্পর্কে সচেতন থাকা এবং অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।
আরও পড়ুন: তথ্য প্রকাশের সর্বশেষ সংবাদ
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 


















