সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি, সচেতনতা ও সমন্বয় বাড়ানোর লক্ষ্যে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের বাস্তবায়নাধীন ‘ইএলএসআরপি’ (ELSRP) প্রকল্পের উদ্যোগে ২ নম্বর জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা। শুরুতে তিনি উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে সভার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের জামালগঞ্জ ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েক।
সভায় মূল আলোচনা উপস্থাপন করেন স্বপন নায়েক। তিনি কারিতাস বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি দুর্যোগের আগাম প্রস্তুতি, দুর্যোগের ঝুঁকি কমানো এবং জরুরি পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি দুর্যোগের সময় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দায়িত্ব, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় পর্যায়ে কার্যকর প্রস্তুতি থাকলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব বলেও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ২ নম্বর জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিব অজিত কুমার রায় এবং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্যরা।
জামিল হোসেনের সঞ্চালনায় সভার সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন প্রকল্পের মাঠ সহায়ক রাকিব হাসান, নারগিস আক্তার ও উপেন্দ্রনাথ রায়।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় দুর্যোগ বিষয়ে জনসচেতনতা বাড়ানো, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং দুর্যোগ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন:
জামিল হোসেন, শিক্ষানবিশ প্রতিনিধি 


















