সুনামগঞ্জের ছাতক পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা চলাকালে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. মুহিউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব শাহজাহান আহমদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব শাহ মো. শফিউর রহমান।
এ সময় ছাতক উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং বিভিন্ন বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরীক্ষা আয়োজনের বিষয়ে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠবে। একই সঙ্গে ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে তারা আরও উৎসাহিত হবে।
এদিকে, ছাতক পৌরসভার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষানুরাগী মহল। তাঁদের প্রত্যাশা, মেধাবৃত্তি পরীক্ষার এ কার্যক্রম যেন শুধু একটি আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং প্রতিবছর ধারাবাহিকভাবে আয়োজন করা হয়।
সংশ্লিষ্টদের মতে, নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে আগামী প্রজন্মের মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ছাতক পৌরসভার ৩য় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রসারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
জামিল হোসেন, শিক্ষানবিশ প্রতিনিধি 


















