সুনামগঞ্জের জামালগঞ্জে নৌকাডুবির ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ দুইজনের মধ্যে একজনের সন্ধান মেলেনি। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে উদ্ধারকাজে দক্ষ ডুবুরি না থাকায় ফায়ার সার্ভিসের উদ্ধার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জামালগঞ্জ কিংবা সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে দক্ষ কোনো ডুবুরি নেই। ফলে পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে প্রয়োজনীয় দক্ষ জনবল ও কারিগরি সক্ষমতার ঘাটতি রয়েছে।
হাওরবেষ্টিত জামালগঞ্জসহ সুনামগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা নদী ও হাওরকেন্দ্রিক। প্রতিদিন হাজার হাজার মানুষ নৌযানে করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন। কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজনে নৌপথই এ অঞ্চলের মানুষের অন্যতম প্রধান যোগাযোগমাধ্যম। অথচ গুরুত্বপূর্ণ এই হাওরাঞ্চলে পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে দক্ষ ডুবুরি দল না থাকায় উদ্বেগ বাড়ছে।
সাম্প্রতিক নৌকাডুবির ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও একজন নিখোঁজ থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, হাওরাঞ্চলে নৌদুর্ঘটনা ঘটলে দ্রুত ও কার্যকর উদ্ধার অভিযান পরিচালনার জন্য ফায়ার সার্ভিসের পর্যাপ্ত প্রস্তুতি কতটুকু রয়েছে?
সংশ্লিষ্টদের মতে, নৌদুর্ঘটনার পর উদ্ধার অভিযান পরিচালনার পাশাপাশি দুর্ঘটনা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিশ্চিত করা জরুরি। বিশেষ করে জামালগঞ্জ ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে দক্ষ ডুবুরি দল, আধুনিক উদ্ধার সরঞ্জাম এবং প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবল নিশ্চিত করা প্রয়োজন।
স্থানীয়দের দাবি, হাওরাঞ্চলের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। নৌদুর্ঘটনার পর স্বজনদের আহাজারি ও দীর্ঘ অপেক্ষার পরিবর্তে দুর্ঘটনার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি এবং তাৎক্ষণিক উদ্ধার সক্ষমতা নিশ্চিত করতে হবে।
হাওরাঞ্চলে দক্ষ ডুবুরি দল গঠন এখন সময়ের দাবি। এটি শুধু জামালগঞ্জের মানুষের দাবি নয়, বরং পুরো হাওরাঞ্চলের মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়।
জামিল হোসেন, শিক্ষানবিশ প্রতিনিধি 


















