চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হানের আস্তানা ঘিরে টানা কয়েক দিনের অভিযানে ইতালির তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে জেলা পুলিশ।
এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের মধ্যেও পুলিশের নাগালের বাইরে রয়েছেন রায়হান ও তাঁর সহযোগী এজাহার মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান শুরু করে। সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় রায়হানের অবস্থানের তথ্য পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম, পিপিএম-সেবার নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ, পিপিএম।
পাহাড়ে মিলল অস্ত্র তৈরির সরঞ্জাম
২৩ নভেম্বর জেলা গোয়েন্দা শাখা, ভূজপুর ও হাটহাজারী থানা পুলিশের যৌথ দল সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলায় দিনব্যাপী অভিযান চালায়। এ সময় দুটি শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, রায়হান ও তাঁর সহযোগীরা ওই স্থানে অস্ত্র তৈরি করতেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পাহাড়ের আরও গভীরে পালিয়ে যান।
গুলিতে আহত ছয় সাধারণ মানুষ
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রায়হান ও তাঁর সহযোগীরা একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন। চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজন তাঁদের গতিরোধের চেষ্টা করলে তাঁরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে শটগানের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন।
এ সময় স্থানীয় লোকজন অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা রাতভর অভিযান, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেন। ২৪ নভেম্বরও অভিযান অব্যাহত থাকে।
ইতালির পিস্তলসহ অস্ত্র ও গুলি উদ্ধার
২৫ নভেম্বর গোপন সূত্রে পুলিশ জানতে পারে, রায়হান ও তাঁর আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে সহযোগীদের মাধ্যমে গুলি সংগ্রহের চেষ্টা করছেন। এ তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে চেকপোস্ট ও তল্লাশি জোরদার করা হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভূজপুরের কাজীরহাট-সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড শীসা কার্তুজসহ মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়।
তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে মো. ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেপ্তার করা হয়। তাঁর দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, বন্দুকটি এজাহার মিয়ার এবং গুলিগুলো রায়হানের।
পরে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, রায়হান সুয়াবিলের বেতুয়ারকুল বড় বিল এলাকার গভীর পাহাড়ে এজাহার মিয়ার ঘনিষ্ঠ সহযোগী মো. মহররম আলীর (২৮) বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখানে অভিযান চালিয়ে মহররম আলীকে গ্রেপ্তার করা হয়।
তাঁর দেখানো মতে বাড়ি থেকে ইতালির তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, মহররম আলী জানান, রায়হান ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত তাঁর বাড়িতে ছিলেন। পরে যাওয়ার সময় নিজের পিস্তল ও গুলি তাঁর কাছে রেখে যান।
এ ছাড়া কাজীরহাট এলাকায় আরেকটি অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী জনার্ধন দে (৬৫) গ্রেপ্তার হন। তাঁর কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পাওয়া গেলেও সেটি অন্যত্র হস্তান্তর করায় উদ্ধার করা সম্ভব হয়নি।
গ্রেপ্তার ছয়জন
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ১. মো. এমরান হোসেন মাসুদ (২০)। ২. কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১)। ৩. মো. ইকতিয়ার ফরহাদ (২০)। ৪. মো. মহররম আলী (২৮)। ৫. জনার্ধন দে (৬৫)। ৬. মো. জাবেদ হোসেন (২৫)।
যা যা উদ্ধার হয়েছে
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে—
- ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল—১টি।
- পিস্তলের ম্যাগাজিন—২টি।
- পিস্তলের গুলি—২২ রাউন্ড।
- একনলা বন্দুক—১টি।
- শটগানের শীসা কার্তুজ—১২ রাউন্ড।
- শটগানের খালি খোসা—২টি।
- অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।
- মোটরসাইকেল—১টি।
পুলিশ জানিয়েছে, শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তাঁর সহযোগী এজাহার মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 


















