রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মঞ্জুর খান প্লাজায় লাগা আগুন দীর্ঘ সাড়ে ১২ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এক খুদেবার্তায় এ তথ্য জানান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টা ২ মিনিটের দিকে পুরান ঢাকার ছোট কাটরা এলাকায় এসি মসজিদের পাশে অবস্থিত সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন নিয়ন্ত্রণে মোট ১০টি ইউনিট কাজ করে। ভবনের ষষ্ঠ তলায় থাকা একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
আগুনে ভবনটির বেশ কয়েকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গুদামে কসমেটিকস, ইলেকট্রনিক পণ্য ও ছাতা মজুত ছিল বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, ভবন থেকে বের হওয়া ঘন কালো ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজ বেশ কঠিন হয়ে পড়ে। ধোঁয়াজনিত সমস্যায় কয়েকজন ফায়ার সার্ভিসকর্মী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করা হয়। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঢাকা প্রতিনিধি 


















