ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৪ নভেম্বর) রাতে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে অভিযান চালায়।
অভিযান চলাকালে সীমান্ত এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামার নির্দেশ দেন বিজিবি সদস্যরা। এ সময় ওই ব্যক্তি তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেছে বিজিবি।
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম জানান, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও প্রস্তুত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, সীমান্তে অপরাধ, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও অভিযান অব্যাহত রাখার বিষয়টি এ ঘটনায় আবারও সামনে এসেছে।
আরও পড়ুন:
ফেনী প্রতিনিধি 


















