যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল শনিবার (২১ নভেম্বর) উদযাপিত হবে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনীর স্থাপনায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসের কর্মসূচি শুরু হবে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। এতে দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হবে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন।
এদিন তিন বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং পরবর্তীতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
দিবসটি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শনিবার বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা অংশ নেবেন। এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তিবর্গ এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের পরিবারের প্রতিনিধিরাও আমন্ত্রিত থাকবেন।
অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস এবং সংশ্লিষ্ট ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব স্থানে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে।
এদিকে সাধারণ মানুষের জন্য বিশেষ সুযোগ হিসেবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের নিকটবর্তী ঘাটে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজ নোঙর করে রাখা হবে। শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণ এসব জাহাজ পরিদর্শন করতে পারবেন।
সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরতে বাংলাদেশ টেলিভিশন শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করবে। অনুষ্ঠানটি পরবর্তীতে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও পর্যায়ক্রমে প্রচার করা হবে।
অন্যদিকে বাংলাদেশ বেতার শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের পাশাপাশি সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের চেতনা, আত্মত্যাগ ও গৌরবময় ইতিহাসকে স্মরণ করে সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান তুলে ধরাই দিবসটির অন্যতম তাৎপর্য। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মনিয়োজিত সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতেই প্রতিবছর ২১ নভেম্বর দিবসটি পালন করা হয়।
ঢাকা প্রতিনিধি 



















