৮ কোটি টাকার ট্রাকশন মোটর যন্ত্রাংশ সরবরাহ নিয়ে প্রশ্ন, তালিকাভুক্তি প্রক্রিয়ায় জাল কাগজপত্রের অভিযোগ; সাংবাদিকদের প্রশ্নের মুখে ডায়াস ছেড়ে তড়িঘড়ি করে চলে গেলেন সভাপতি।
বাংলাদেশ রেলওয়ের স্পেয়ার্স ও এক্সেসরিজ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের (বারেসাএসএ) অভ্যন্তরীণ কার্যক্রম ও সরবরাহসংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংগঠনের সভাপতির কাছে একাধিক বিতর্কিত বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি সন্তোষজনক জবাব না দিয়ে ডায়াস ছেড়ে দ্রুত প্রেসক্লাব ত্যাগ করেন।
শনিবার (২১ নভেম্বর) আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন। এ সময় সভাপতির কাছে ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরীর ব্যবসায়িক অংশীদার জাহিদের সঙ্গে হঠাৎ গোপন সমঝোতা বা আঁতাতের অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়।
বিশেষ করে জুলাই – আগষ্ট ২০২৪ সালের গণহত্যার মামলায় কারাগারে থাকা সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক যোগাযোগ নিয়ে প্রশ্ন তোলা হলে সংবাদ সম্মেলনে উপস্থিতদের মধ্যে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়।
এ ছাড়া সরবরাহকারী ফেরদৌস হুদার মাধ্যমে প্রায় ১০ বছর আগে বাংলাদেশ রেলওয়ের ট্রাকশন মোটরের জন্য প্রায় ৮ কোটি টাকার ইন্টারফিল্ড ও মেইন ফিল্ড সরবরাহের বিষয়টি নিয়েও প্রশ্ন করা হয়।
অভিযোগ রয়েছে, সরবরাহ করা এসব যন্ত্রাংশ দীর্ঘদিন ধরে রেলওয়ের কেলোকা কারখানায় অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হলেও যন্ত্রাংশগুলো পরিবর্তন বা প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট সরবরাহকারীকে পুনরায় কালো তালিকাভুক্ত না করার পেছনে কী কারণ রয়েছে এবং কার প্রভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে—সভাপতির কাছে তা জানতে চান সাংবাদিকরা।
চলমান তালিকাভুক্তি কার্যক্রম নিয়েও গুরুতর প্রশ্ন তোলা হয়। অভিযোগ রয়েছে, সংগঠনের সভাপতি হিসেবে তালিকাভুক্তির জন্য জমা দেওয়া কিছু কাগজপত্র কারিগরি কমিটির যাচাই-বাছাইয়ে জাল হিসেবে শনাক্ত হয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাতে পাওয়া এমন অভিযোগের বিষয়ে সভাপতির বক্তব্য জানতে চাওয়া হলে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি বলে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের দাবি।
একপর্যায়ে এসব প্রশ্নের মুখে সভাপতি ডায়াস ছেড়ে দ্রুত প্রেসক্লাব ত্যাগ করেন। এ ঘটনায় উপস্থিত সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে আয়োজকদের এমন আচরণে উপস্থিত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
রেলওয়ের লোকোমেটিভ এর যন্ত্রাংশ সরবরাহের জন্য নতুন সরবরাহকারী তালিকাভুক্তির বিষয়ে অনতিবিলম্বে নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু করার দাবি করেছেন সংশ্লিষ্টরা।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 

















