চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় নাশকতা ও অগ্নিসংযোগের পরিকল্পনার অভিযোগে মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ মহিউদ্দীন এবং মো. লিটন প্রকাশ ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ৫১ জনকে পলাতক দেখানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেশীয় অস্ত্র ও অগ্নিসংযোগের সরঞ্জাম নিয়ে একটি চক্র গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদনান আহমেদ শামীম (২০), মো. আরিফ (৩৬), রবিন (১৯) ও মো. হৃদয় হোসেন (২০)। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশুও রয়েছে।
অভিযানকালে ১১টি বাঁশের মশাল এবং ১৫টির বেশি বাঁশ ও কাঠের লাঠি জব্দ করা হয়েছে।
এজাহারে যুবলীগ ও আওয়ামী লীগের একাধিক নেতার নাম
মামলার এজাহারে নাম থাকা বাকি ৫১ জনকে পলাতক দেখানো হয়েছে। পুলিশের দাবি, তাঁদের কেউ কেউ নেপথ্যে থেকে অর্থ ও অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—
১. আবু মোহাম্মদ মহিউদ্দীন, সাংগঠনিক সম্পাদক, মহানগর যুবলীগ।
২. মো. লিটন প্রকাশ ‘সোর্স লিটন’, মুক্তিযোদ্ধা কলোনি এলাকা।
৩. দিদার আলম চৌধুরী প্রকাশ ‘লেন্ড দিদার’, যুবলীগ নেতা।
৪. নাজিম উদ্দিন প্রকাশ ‘কানা নাজিম’, সাধারণ সম্পাদক, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সি ইউনিট।
৫. আবদুল মালেক, ওয়ার্ড সভাপতি এবং হুমায়ন, সাধারণ সম্পাদক।
৬. মোস্তফিজুর রহমান লিটন প্রকাশ ‘ভিপি লিটন’।
৭. গোলাম রসুল সাদ্দাম, যুবলীগ নেতা।
৮. সেলিম উদ্দিন জয়, সাবেক পাঠাগার সম্পাদক, নগর ছাত্রলীগ।
৯. আশিকুর রহমান খোকন প্রকাশ ‘বোমা খোকন’।
১০. আবদুল কুদ্দুস বাপ্পি প্রকাশ ‘কানা কুদ্দুস’।
এদিকে স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, মামলার তদন্ত শেষে অভিযোগপত্র (চার্জশিট) থেকে কয়েকজনের নাম বাদ দিতে অর্থ লেনদেন ও তদবিরের চেষ্টা চলছে। এ ক্ষেত্রে সরকারদলীয় কয়েকজন স্থানীয় নেতাও তদবির ও মধ্যস্থতা করছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
তদবিরের বিষয়ে জানতে চাইলে বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন বলেন, “থানা কমিটি বিলুপ্ত। দলের ওয়ার্ড কমিটির নাম ভাঙিয়ে কেউ হয়তো এসব করছে। আপনারা যেমন শুনছেন, আমিও এলাকায় এমন কথা শুনতে পাচ্ছি।”
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা নথিভুক্ত হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 


















