সুনামগঞ্জের ছাতক থেকে সিলেটের ভোলাগঞ্জ পর্যন্ত বিস্তৃত ঐতিহাসিক ১৯ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। একসময় পাথর পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই রোপওয়েটি এখন অবহেলা, অযত্ন ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে। পরিত্যক্ত এই স্থাপনাটি সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজন, শিক্ষাবিদ ও সচেতন মহল।
রোপওয়ে অফিস সূত্রে জানা গেছে, ১৯৬৪ সালে এর নির্মাণকাজ শুরু হয় এবং ১৯৭০ সালে তা সম্পন্ন হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনরায় সংস্কার করে এটি চালু করা হয়। দীর্ঘদিন সচল থাকার পর নানা অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবের কারণে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর লাভজনক এই রোপওয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
প্রাপ্ত তথ্যমতে, ১৯ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়েতে রয়েছে মোট ১২০টি ট্রেসেল (খুঁটি) এবং চারটি স্টেশন। স্টেশনগুলো হলো—ছাতক, অ্যাংগেল-১, অ্যাংগেল-২ ও ভোলাগঞ্জ। এতে মোট ৪২৫টি বাকেট ছিল। ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত সচল ছিল ২৪৬টি। প্রতিটি বাকেটের ধারণক্ষমতা ছিল ১২ দশমিক ৯২ ঘনফুট বা প্রায় ৬০০ কেজি পাথর। বছরে প্রায় ১২ লাখ ঘনফুট পাথর পরিবহনের সক্ষমতা ছিল এই রোপওয়ের।
দীর্ঘদিন বন্ধ থাকার পর যথাযথ রক্ষণাবেক্ষণ না করায় বর্তমানে রোপওয়ের বিভিন্ন স্থানে একাধিক ট্রেসেল হেলে পড়েছে। কোথাও তার ছিঁড়ে গেছে, আবার কোথাও বাকেট পড়ে রয়েছে মাটিতে। ফলে একসময়ের গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় স্থাপনাটি এখন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।
এদিকে, পাথর পরিবহনের সুবিধার্থে যন্ত্রপাতি ও পাথর কোয়ারির জমিসহ রোপওয়েটি ৫০ বছরের জন্য লিজ নেওয়ার আবেদন করেছিল ছাতকস্থ প্রাইম সিমেন্ট লিমিটেড। ২০১৭ সালের ১৪ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনটি করা হলেও তা আমলে নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
স্থানীয়দের মতে, সর্বনিম্ন ২০ ফুট থেকে সর্বোচ্চ ১৬৭ ফুট উচ্চতার ট্রেসেলের ওপর দিয়ে বিস্তৃত এই রোপওয়ে শুধু পাথর পরিবহনের মাধ্যম হিসেবেই নয়, পর্যটন শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নদী, পাহাড়ি টিলা ও হাওরের মনোরম প্রাকৃতিক দৃশ্যের ওপর দিয়ে বিস্তৃত এই ক্যাবল কার ব্যবস্থা সংস্কার করে পর্যটকদের উপযোগী করা হলে তা দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় ভ্রমণকেন্দ্রে পরিণত হতে পারে। বিশেষ করে ভোলাগঞ্জের সাদাপাথরসহ আশপাশের পর্যটন এলাকাকে কেন্দ্র করে নতুন পর্যটন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
এ বিষয়ে ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, বিএনপি নেতা আব্দুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজকুর পাবেল, বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, সামছুর রহমান সামছু, জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মুহিবুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, অ্যাডভোকেট কামাল, অ্যাডভোকেট আব্দুস সালাম এবং সিলেটস্থ ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন তাঁদের অভিমত ব্যক্ত করেন।
তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে পড়ে থাকা এই ঐতিহাসিক স্থাপনাটি দ্রুত সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন। রোপওয়েটিকে পর্যটকদের উপযোগী করে পুনরায় চালু করা হলে একদিকে যেমন রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে ছাতক ও ভোলাগঞ্জ অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবি, ঐতিহাসিক ছাতক-ভোলাগঞ্জ রোপওয়েটি পুনরুদ্ধার, সংস্কার ও পর্যটনবান্ধব করে গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
জামিল হোসেন, শিক্ষানবিশ প্রতিনিধি 


















