সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার ৫০০ টাকা।
শুক্রবার ভোমরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বাঁশকল এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ জব্দ করে। একই সময়ে চান্দুড়িয়া বিওপির বিশেষ দল কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে।
বিজিবি জানিয়েছে, দুই অভিযানে জব্দ করা ভারতীয় পণ্যের মোট বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার ৫০০ টাকা।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা ভারতীয় পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
এ ছাড়া জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করার জন্য এসব মাদক বিজিবির স্টোরে সংরক্ষণ করা হয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি 

















