মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—মাদারীপুর সদর উপজেলার ১ নম্বর শকুনী (পার্ট-১) এলাকার পান্নু মুন্সির ছেলে রিমন মুন্সি (২৯) ও আকাশ মুন্সি (৩০)। অপরজন একই এলাকার মৃত রাকিব আলী মৃধার মেয়ে সামিয়া আক্তার ঊষা ওরফে ভুবন মোহনী (২৭)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, কলেজ রোড এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু নাঈম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাদারীপুর প্রতিনিধি 


















