মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মাদারীপুর সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মেহেদী মাতুব্বর (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুরের পুলিশ সুপার মোঃ ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৭টা ২৫ মিনিটের দিকে সদর মডেল থানার মধ্য ঝিকরহাটি এলাকার একটি বাগানে অভিযান চালানো হয়।
এ সময় বাগানের ভেতর থেকে মেহেদী মাতুব্বরের দখল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মেহেদী মাতুব্বর মাদারীপুর সদর উপজেলার খৈয়ারভাঙ্গা এলাকার জাফর মাতুব্বরের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ জানায়, মাদক ব্যবসা, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মাদারীপুর প্রতিনিধি 



















