কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে সার ডিলার নিয়োগে অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা এবং সদস্যসচিব মোখলেছুর রহমানের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে নাগেশ্বরী পৌরসভার বলদিটারী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতন ও নিপীড়নের স্মৃতি এখনো তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মনে রয়েছে। তাঁরা এসব ঘটনা ভুলে যাননি। অর্থের বিনিময়ে বিএনপির নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসনের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বিক্ষোভকারীদের দাবি, নাগেশ্বরী উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ১৫ জন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে দাবি করেন তাঁরা।
সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের জন্য উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান ও আহ্বায়ক গোলাম রসুল রাজাকে দায়ী করেন বিক্ষোভকারীরা। তাঁদের বিরুদ্ধে নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগও তোলেন তাঁরা। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা।
সমাবেশে বক্তব্য দেন পৌর কৃষকদলের সদস্যসচিব আদম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন এবং ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদসহ আরও অনেকে।
বিক্ষোভকারীরা সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা যাবে।
আরও পড়ুন:
মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি 





















