নগরজীবনের ব্যস্ততা আর কোলাহল ভুলে বাঁশির সুরে মেতে উঠলেন চট্টগ্রামের সঙ্গীতপ্রেমীরা। উপমহাদেশের কিংবদন্তি বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের মনোমুগ্ধকর বাঁশির সুরে মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত বংশীবাদন সন্ধ্যায় সৃষ্টি হয় এক মনোরম সাংস্কৃতিক আবহ।
চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। ওস্তাদ আজিজুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।
প্রধান অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, দুই দশক আগের চট্টগ্রামের দিকে ফিরে তাকালে সবুজ পাহাড়, সমতল ভূমি, কর্ণফুলী নদী, বঙ্গোপসাগরের মোহনা ও হালদা নদীর অপরূপ সৌন্দর্যের কথা মনে পড়ে। কিন্তু অপরিকল্পিত নগরায়ণের কারণে খাল ও নালার ওপর ভবন নির্মাণ করে শহরের প্রাকৃতিক সৌন্দর্য অনেকটাই নষ্ট করা হয়েছে।
তিনি বলেন, বাঁশির সুরের মতো চট্টগ্রামকেও আবার তার নান্দনিক রূপে ফিরিয়ে নিতে হবে। একটি কোলাহলমুক্ত, যানজটমুক্ত ও সবুজ নগরী গড়ে তোলা আমাদের বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।
তরুণ প্রজন্মের সাংস্কৃতিক চর্চা ও সুস্থ বিনোদনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, একসময় সুর, বাঁশি, উচ্চাঙ্গসংগীত, কবিতা, সংস্কৃতি ও খেলাধুলা মানুষের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ ছিল। এসব চর্চা কমে যাওয়ায় তরুণদের একটি অংশ বিপথে যাওয়ার ঝুঁকিতে পড়ছে। তাদের সুস্থ ধারায় ফিরিয়ে আনতে সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড বাড়াতে হবে।
তিনি চকবাজারের সানশাইন মাঠে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতার উদাহরণ দিয়ে বলেন, এ ধরনের আয়োজন তরুণদের আত্মবিশ্বাসী করে তোলে এবং আত্মরক্ষার কৌশল শেখায়। ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নেওয়া সম্ভব।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক সংগীত ও বাঁশিপ্রেমী দর্শক-শ্রোতার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী। তিনি আয়োজনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল হাসনাত, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পীসহ ক্লাবের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওস্তাদ আজিজুল ইসলামের হাতে চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 








