‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় যুবদিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় যুব সমাবেশ, ১০টা ৫ মিনিটে যুব র্যালি, ১১টায় আলোচনা সভা, দুপুর ১২টায় যুবঋণের চেক বিতরণ, ১২টা ১০ মিনিটে গাছের চারা বিতরণ এবং ১২টা ৩০ মিনিটে যুব সংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান। উপজেলা পরিষদ চত্বর ও হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগর আলী। সভা সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা একেএম শামসুল হক।
সভাপতির বক্তব্যে শেখ মো. আজগর আলী বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। যুবকদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
তিনি আরও বলেন, বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রমের মাধ্যমে ৩২ জন যুবক-যুবতীকে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার সুযোগ সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে ইতিবাচক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, ৪ নম্বর সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম।
এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জামিল হোসেন, শিক্ষানবিশ প্রতিনিধি 



















