যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যকরী সংসদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে ১১টি পদে পূর্ণাঙ্গ প্রার্থী প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস ও সদস্য সচিব অ্যাডভোকেট এমএ গফুর ঘোষিত প্যানেলের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোষিত প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ এএইচ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নূর আলম পান্নুকে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্যানেলের অন্য প্রার্থীরা হলেন—সহসভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি ও এস এম আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক পদে তাহমিদ আকাশ, সহকারী সম্পাদক পদে ডেজিনা ইয়াসমিন ও মো. সিরাজুল ইসলাম সাগর, গ্রন্থাগার সম্পাদক পদে মো. কামরুল হাসান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. মুস্তাকিম মোস্তফা খান এবং সদস্য পদে সুদীপ্ত কুমার ও শামস ইমরান।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৪ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ৮ নভেম্বর সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ নভেম্বর দুপুর ২টায় সমিতির ১ নম্বর ভবনে মনোনয়নপত্র বাছাই করা হবে। একই দিন বৈধ প্রার্থীদের তালিকা সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত।
নির্বাচনকে ঘিরে যশোর জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি 
















