সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নব্যাপী সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে চরচৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ফিরোজ-রংমালা বেগম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সমাজকর্মী সিরাজ মিয়া ও নবির হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম, চরমহল্লা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা রাসেল এবং জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরমহল্লা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সুনা মিয়া, সৈয়দ ওছি উল্লা মাদ্রাসার সুপার মাওলানা নজমুল হক নছিব, সেওতর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল করিম, হাফিজ আব্দুল মুক্তাদির, মুনতাহার বেগম মুন্নী, শিক্ষক আব্দুস ছবুর, ইকবাল হোসেন, তোফায়েল, আলী আকবর, আব্দুল কাইয়ুম, স্থানীয় ব্যক্তিত্ব সৈয়দুর রহমান, তৌহিদ হোসেন, মারুফা বেগম, শিক্ষার্থীদের অভিভাবক ছাবিরা বেগম, শাহজাহান, রুসনা বেগম ও ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে ফিরোজ-রংমালা বেগম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসনীয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জামিল হোসেন, শিক্ষানবিশ প্রতিনিধি 


















