সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পাঠানো এক প্রাথমিক প্রতিবেদনে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, দুর্ঘটনায় তিনটি পরিবারের মোট ১৩ জন বাংলাদেশি হতাহত হয়েছেন। তাদের সবার গ্রামের বাড়ি কক্সবাজার জেলায়।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাকবলিত গাড়িটি চালাচ্ছিলেন একজন পাকিস্তানি নাগরিক। খোলাইস ট্রাফিক অফিসের কর্মকর্তাদের ধারণা, অতিরিক্ত গতির কারণে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে যায়। দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার ছিল বলে জানা গেছে। তবে চালকের দাবি, গাড়ির টায়ার ফেটে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত প্রতিবেদনে জানা যাবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গাড়িটিতে আল-আবির কোম্পানিতে কর্মরত চার বাংলাদেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা ছিলেন।
নিহত সাতজনের মধ্যে রয়েছেন জিয়াউর রহমান ও তাঁর তিন সন্তান বুশরা, ইয়াসির ও ইয়াযান। এছাড়া আলম শাহের স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়া এবং ইলিয়াসের স্ত্রী আফসানা বিবি প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে আহত ছয়জন হলেন জিয়াউর রহমানের স্ত্রী শাকিরা ও মেয়ে ইউসরা, আলম শাহ ও তাঁর ছেলে ফায়সাল, ইলিয়াস এবং গফুর আলম।
আহতদের মধ্যে শাকিরা খোলাইস জেনারেল হাসপাতালে, ইউসরা কিং আবদুল আজিজ হাসপাতালে, ফায়সাল ইস্ট জেদ্দা হাসপাতালে এবং গফুর আলম খোলাইস জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আলম শাহ ও ইলিয়াস চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
নিহতদের মরদেহ বিভিন্ন হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। জিয়াউর রহমান ও তাঁর তিন সন্তানের মরদেহ আল-হিমনা জেনারেল হাসপাতালে সংরক্ষিত রয়েছে। অন্যদিকে সানজিদা, ফারিয়া ও আফসানা বিবির মরদেহ রাখা হয়েছে খোলাইস জেনারেল হাসপাতালে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বাংলাদেশ কনস্যুলেট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পাশাপাশি কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) একজন আইন সহকারীকে সঙ্গে নিয়ে খোলাইস ট্রাফিক অফিস পরিদর্শন করেন। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, নিহত আফসানা বিবি কয়েক দিন আগেই পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। আনন্দময় ধর্মীয় সফরে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের খবর | প্রবাসের সংবাদ
নিজস্ব প্রতিবেদক | তথ্য প্রকাশ 

















