ইরান ও আর্জেন্টিনার মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। এবার আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের এ সিদ্ধান্তের পেছনে রয়েছে আর্জেন্টিনার নেওয়া আগের একটি পদক্ষেপ। গত মার্চের শেষ দিকে বুয়েনস আয়ার্স ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে আইআরজিসির সহায়তা দেওয়ার অভিযোগে আর্জেন্টিনা এ সিদ্ধান্ত নিয়েছিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দেশটির ২০১৯ সালের আইনের আওতায় আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাহিনী দুটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে তেহরান।
২০১৯ সালে ইরানে পাস হওয়া ওই আইনে বলা হয়েছে, কোনো রাষ্ট্র ইরানের সামরিক বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলে সংশ্লিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
তবে আর্জেন্টিনার দুই সামরিক বাহিনীকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার ফলে বাস্তবে কী ধরনের কূটনৈতিক, সামরিক বা অর্থনৈতিক প্রভাব পড়বে, তা এখনো পরিষ্কার নয়।
ইরান ও আর্জেন্টিনার সম্পর্কের টানাপোড়েনের পেছনে রয়েছে ১৯৯৪ সালের একটি ভয়াবহ বোমা হামলার ঘটনা।
আর্জেন্টিনার অভিযোগ, ১৯৯৪ সালে বুয়েনস আয়ার্সে ইহুদি সম্প্রদায়ের এএমআইএ কেন্দ্রে সংঘটিত হামলার সঙ্গে আইআরজিসি জড়িত ছিল। ওই হামলায় ৮৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও কূটনৈতিক বিরোধ চলে আসছে। আর্জেন্টিনার সাম্প্রতিক সিদ্ধান্ত এবং ইরানের পাল্টা পদক্ষেপ সেই বিরোধকে নতুন মাত্রা দিয়েছে।
আর্জেন্টিনার আগে যুক্তরাজ্যের বিরুদ্ধেও একই ধরনের অবস্থান নিয়েছে ইরান। চলতি মাসের শুরুতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-কে শত্রুভাবাপন্ন গোষ্ঠী হিসেবে চিহ্নিত করার পাশাপাশি দেশটির রাজকীয় নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে তেহরান।
এর আগে গত জুলাইয়ে যুক্তরাজ্য আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল।
পরপর এসব ঘটনার মধ্য দিয়ে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও কূটনৈতিক বিরোধ আরও জটিল হয়ে উঠছে।
আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ইরানের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণার পর দুই দেশের পরবর্তী কূটনৈতিক অবস্থান কী হয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
আন্তর্জাতিক ডেস্ক | তথ্য প্রকাশ 



















