খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নির্জন সময়ে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। এরপর তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বোমাটি সিঁড়িতে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তবে সেখানে কাঠ, কাগজ কিংবা অন্য কোনো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। কিছুক্ষণ পর আগুন নিজে থেকেই নিভে যায়।
নগর ভবনের দায়িত্বে থাকা নাইটগার্ড নূর ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে ভবনের মূল সিঁড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি পড়ার পরপরই আগুন ধরে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, হামলার পর নগর ভবনের বাইরের দেয়ালে লাল কালি দিয়ে ‘যুবলীগ’ শব্দটি লিখে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পেট্রোল বোমাটি ভবনের সিঁড়িতে পড়েছিল। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো বিপদ ঘটেনি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পেট্রোল বোমার আগুনে ভবনের বড় কোনো ক্ষতি হয়নি। শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে।
তিনি আরও জানান, যে মোটরসাইকেল থেকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি শনাক্ত করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
ঘটনাটি নিয়ে খুলনা নগরীতে নিরাপত্তা পরিস্থিতি ও সরকারি স্থাপনার সুরক্ষা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে হামলার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ।
আরও পড়ুন:
খুলনা প্রতিনিধি 


















