ঝালকাঠির রাজাপুরে গাঁজাসহ মো. জাহাঙ্গীর (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (গতকাল) রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রামের রাড়ী বাড়ির সামনে থেকে গ্রাম পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জাহাঙ্গীর ওই গ্রামের শাহেব আলীর ছেলে। তিনি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাহাঙ্গীরকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ইউএনও রিফাত আরা মৌরী বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।
এ বিষয়ে আরও পড়ুন:
ঝালকাঠি প্রতিনিধি 


















