চট্টগ্রামের রাউজানে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত সাব্বির হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে আরও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া আমিন মার্কেটের মা স্টোর নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। এ সময় পটিয়াপাড়া এলাকার শামসুদ্দিন সওদাগরের ছেলে মো. সাইফুদ্দিন মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যান সাব্বির।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। মুরাদের চাচা টিবলুর কাছ থেকে চার শতক জমি কিনে সাব্বির সেখানে ঘর নির্মাণ করতে গেলে মুরাদের পরিবারের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়।
এ ছাড়া বিগত সরকারের সময়ে সাব্বিরের সঙ্গে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাদের কিছু ছবি মুরাদের ভাই মানিকের কাছে ছিল। এসব ছবি ব্যবহার করে মানিক ফেসবুকে সাব্বিরকে ‘ফ্যাসিস্ট‘ আখ্যায়িত করে প্রচারণা চালাচ্ছিলেন বলে জানায় পুলিশ।
ঘটনার দিন এ বিষয় নিয়ে সাব্বির ও মানিকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে মানিক সেখান থেকে পালিয়ে গেলে সাব্বির তাঁর ভাই মুরাদের ওপর হামলা চালান বলে পুলিশের দাবি।
পুলিশ জানায়, গত ১৫ নভেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাউজান থানা পুলিশের একটি বিশেষ দল পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকায় অভিযান চালায়। নোয়াপাড়া-গুজরা এলাকার এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাব্বির হাসানকে গ্রেফতার করা হয়।
এ সময় তাঁর দেহ তল্লাশি করে একটি দেশীয় এলজি, একটি দেশীয় রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
পরে গ্রেফতার সাব্বিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ নভেম্বর রাত ১২টা ২৫ মিনিটে নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পটিয়াপাড়ায় তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির রান্নাঘরের সানসেটের ওপর রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশীয় এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু। জিজ্ঞাসাবাদে সাব্বির জানান, উদ্ধার হওয়া টিপ চাকুর একটি দিয়ে মুরাদকে ছুরিকাঘাত করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
মোট উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ
১. দেশীয় এলজি — ২টি
২. দেশীয় রিভলবার — ১টি
৩. কার্তুজ — ৭টি
৪. চাপাতি — ২টি
৫. বড় ছোরা — ৪টি
৬. ছোট ছোরা — ২টি
৭. টিপ চাকু — ২টি।
এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেফতার সাব্বিরের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে এর আগে ছয়টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 



















