মাদারীপুরের কালকিনি উপজেলায় বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন মুন্সি (১৯) নামে এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর একসঙ্গে জীবনযাপনের প্রত্যাশায় মঙ্গলবার (১৭ নভেম্বর) নবদ্বীপ চন্দ্র দাশের বাড়িতে অবস্থান নেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবদ্বীপ চন্দ্র দাশ কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে। অপরদিকে মাহিন মুন্সি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা যায়, টিকটকের মাধ্যমে দুজনের পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তাঁরা একসঙ্গে থাকতে ও বিয়ে করতে আগ্রহী বলে জানিয়েছেন। এ দাবিতেই নবদ্বীপের বাড়িতে অবস্থান করছেন মাহিন।
স্থানীয়দের দাবি, এর আগেও মাহিন দুইবার ওই বাড়িতে এসেছিলেন। তবে এবার বিয়ের দাবিতে সেখানে অবস্থান নেওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। দুজনই নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু জানান, ঘটনাটি তাঁর বাড়ির পাশেই ঘটেছে। বিষয়টি জানার পর তিনি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেছেন। একই সঙ্গে মাহিনের পরিবারের সদস্যদেরও ঘটনাটি জানিয়েছেন।
আরও পড়ুন:
ভিজিট করুন: তথ্য প্রকাশ
মাদারীপুর প্রতিনিধি 


















