ভোলার মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তাঁর বিরুদ্ধে স্থানীয়ভাবে দুর্নীতির অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজল রেখার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে তাঁকে মনপুরা থেকে প্রত্যাহার করে বৃহস্পতিবার জেলা সদরে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেছে। এর ভিত্তিতেই তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন কাজল রেখা।
গত ১২ নভেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয় এ প্রজ্ঞাপন। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রাসঙ্গিক সংবাদ:
ভোলা প্রতিনিধি 


















