বাংলাদেশে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা, অর্থনীতির বহুমুখীকরণ এবং টেকসই অবকাঠামো উন্নয়নে অর্থায়ন সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এ লক্ষ্যে ব্যাংকিং খাত, করব্যবস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংস্কার, পুঁজিবাজারের উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়ানোর বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা করেছে সংস্থাটি।
গত ১৬ থেকে ১৮ নভেম্বর এডিবির দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক সোনা শ্রেষ্ঠার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে। সফরকালে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার প্রকাশিত এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এডিবির মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ে পৌঁছাতে আর্থিক বাজারকে আরও শক্তিশালী করা, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক সংস্কার প্রয়োজন।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোকে বাস্তবায়নযোগ্য বিনিয়োগ প্রকল্পে রূপ দিতে সরকারি ও বেসরকারি খাতের দক্ষতা একত্র করে এডিবি সহযোগিতা অব্যাহত রাখবে।
সফরকালে প্রতিনিধিদলটি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনির সঙ্গে বৈঠক করে।
এসব আলোচনায় আর্থিক খাতের সংস্কার, পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগ পরিবেশের আধুনিকায়ন এবং উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।
বাংলাদেশের ব্যাংকিং খাতের সংস্কার ও আর্থিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে আরও পড়ুন: ব্যাংক খাতের সংস্কার ও আর্থিক নিরাপত্তা জোরদারে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ।
সফরের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং এডিবি যৌথভাবে ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ চালু করেন।
সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় অবকাঠামো খাতে বিনিয়োগের প্রতিবন্ধকতা শনাক্ত করতে এই মনিটরে ৫০০টিরও বেশি নির্দেশক ব্যবহার করা হয়েছে।
এর মাধ্যমে অবকাঠামো প্রকল্পে বেসরকারি বিনিয়োগের সীমাবদ্ধতা, নীতিগত চ্যালেঞ্জ এবং বাস্তবায়নসংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ গ্রহণেও এটি সহায়ক হতে পারে।
নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর অংশ হিসেবে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণসংক্রান্ত আরও পাঁচটি প্রকল্পে লেনদেন-সংক্রান্ত পরামর্শক সহায়তা সম্প্রসারণে চুক্তি করেছে এডিবি।
নতুন চুক্তির ফলে এ ধরনের প্রকল্পের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়টিতে। প্রকল্পগুলোতে এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণ সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এডিবির প্রত্যাশা, এসব প্রকল্পে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে। এর ফলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
নবায়নযোগ্য জ্বালানি খাতের আরেকটি উদ্যোগ সম্পর্কে জানতে পড়ুন: মাতারবাড়ীতে ৬০৫ কোটি টাকা ব্যয়ে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ।
এডিবি জানিয়েছে, ব্যবসায়ী ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকে উঠে আসা মতামত বাংলাদেশের সমন্বিত প্রবৃদ্ধি নেটওয়ার্ক উন্নয়ন উদ্যোগের মহাপরিকল্পনা তৈরিতে ব্যবহার করা হবে।
পাশাপাশি ২০২৮-২০৩২ মেয়াদের দেশীয় অংশীদারত্ব কৌশল প্রণয়নেও এসব আলোচনার ফলাফল বিবেচনায় নেওয়া হবে।
উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংক ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত একটি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক। বর্তমানে সংস্থাটির সদস্যসংখ্যা ৬৯। এর মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।
টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে এডিবি এ অঞ্চলের দেশগুলোকে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে।
বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, আর্থিক খাতের সংস্কার, অবকাঠামো অর্থায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বেসরকারি অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করাই এ উদ্যোগগুলোর মূল লক্ষ্য।
নিজস্ব প্রতিবেদক | তথ্য প্রকাশ 


















