সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের ইএলএসআরপি (ELSRP) প্রকল্পের উদ্যোগে কৃষক মাঠ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার ৫ নম্বর ভীমখালী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কৃষক মাঠ স্কুলের (এফএফএস) নেতৃবৃন্দসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষ কৃষক মো. নজরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন মাঠ সহায়ক মো. রাকিব হাসান। এতে প্রায় ১০০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস। তিনি কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত চাষাবাদ পদ্ধতি, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ফসলের রোগবালাই দমনে কৃষকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরামর্শ দেন।
এ সময় কারিতাস বাংলাদেশের মাঠ সহায়ক অশ্বিনী কুমার রায় প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য এবং জামালগঞ্জ উপজেলায় বাস্তবায়িত প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, কারিতাস বাংলাদেশ জৈব সার ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত সবজি উৎপাদনে প্রান্তিক কৃষকদের সহায়তা করে যাচ্ছে।
বক্তারা বলেন, কৃষকদের আধুনিক ও বিজ্ঞানসম্মত চাষাবাদে উদ্বুদ্ধ করা, কৃষি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা বিনিময়, উৎপাদন বৃদ্ধি এবং কীটনাশকের ব্যবহার কমানোই এ ধরনের কৃষক মাঠ দিবস আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় কৃষক ও প্রকল্পের নেতৃবৃন্দ নিজেদের কৃষি অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এ ধরনের আয়োজন কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই কৃষি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
জামিল হোসেন, শিক্ষানবিশ প্রতিনিধি 



















