বেনাপোল থেকে ঢাকাসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে কাউন্টারে এসে বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ভারতফেরত যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে ফিরছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সব পরিবহনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সরাসরি ঢাকা-কলকাতা রুটের বাসগুলো কলকাতা থেকে আসার পর বেনাপোল ছেড়েছে বলে কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত থেকে মুষলধারে বৃষ্টির পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির খবর আগেভাগেই জানাজানি হওয়ায় ভারত ফেরত যাত্রীর সংখ্যা একেবারেই কম। যাঁরা নিতান্তই ফিরছেন, তাঁরা লোকাল বাস কিংবা ট্রেনে যাওয়ার পরিকল্পনা করছেন।
হানিফ পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক মো,নজরুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনে সরাসরি কলকাতা- বেনাপোর –ঢাকা রুটের বাস ছাড়া কোনো পরিবহনের বাস বুধবার (১৮ নভেম্বর) থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বুধবার (১৮ নভেম্বর) কলকাতা থেকে আসা দুটি বাস বেনাপোল ছেড়েছে, যাতে ভারতফেরত অনেক যাত্রী ঢাকায় গেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলকাতা থেকে আরও চারটি বাস আসার কথা রয়েছে; অপেক্ষমাণ যাত্রীরা সেসব বাসে গন্তব্যে যাবেন।’
সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক সহিদুল ইসলাম বলেন, ‘লকডাউন ঘিরে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হওয়ায় বাস ছাড়া যাচ্ছে না। কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই চলাচল শুরু হবে।’
কাউন্টার ব্যবস্থাপকদের তথ্যমতে, বুধবার (১৮ নভেম্বর) গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভ্যন্তরীণ বা লোকাল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কাউন্টারের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও রাজবাড়ী রুটের দূরপাল্লার বাসও বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় বিকল্প রুটে বরিশালগামী বাসগুলো ছেড়ে যাচ্ছে।
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি 


















