আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশবিরোধী অপতৎপরতার অভিযোগ তুলে বরিশালে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে মহানগর বিএনপি।
শুক্রবার বিকেলে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
এ ছাড়া বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারী নেতাকর্মীরা আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ ও অবস্থান তুলে ধরেন।
বরিশালের রাজনীতি ও সমসাময়িক ঘটনাবলির আরও খবর পড়তে ভিজিট করুন তথ্য প্রকাশ-এ।
বরিশাল প্রতিনিধি 






















