ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন কয়েক ডজন শ্রমিক। তাঁদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
রোববার (২২ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সন্ধ্যায় জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বানতেন প্রদেশের সেরাং জেলার চিকান্দে এলাকায় অবস্থিত ফনুসা আগুং মুলিয়া (PT Fonusa Agung Mulia) নামের মিষ্টি তৈরির কারখানায় আগুন লাগে।
স্থানীয় উদ্ধার ও অনুসন্ধান সংস্থার কর্মকর্তা রিজকি দিউয়ান্তো জানান, প্রাথমিক হিসাবে ৩৯ জন নিখোঁজ ছিলেন। তাঁদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
তবে পরবর্তী সময়ে রয়টার্সের সর্বশেষ প্রতিবেদনে নিখোঁজের সংখ্যা নিয়ে নতুন তথ্য উঠে এসেছে। কারখানা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২৯ জন নিখোঁজ এবং আরও আটজনের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে কারখানাটির তিনতলা ভবনের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় ছাদ ধসে পড়েছে। আগুনের তীব্রতা এবং ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
উদ্ধারকর্মীরা ভবনের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন। আগুনের পর অন্তত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নিয়েছে পুলিশ। আগুনের তীব্রতার কারণে উদ্ধার হওয়া মরদেহগুলো শুধু দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
এদিকে কারখানাটির বাইরে নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা অপেক্ষা করছেন। তাঁদের অনেকেই এখনো পরিবারের সদস্যদের কোনো খোঁজ পাননি।
প্রাথমিকভাবে আগুনের কারণ নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। বেঁচে যাওয়া কয়েকজন কর্মীর ধারণা, কারখানার তৃতীয় তলার একটি কুলিং ইউনিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন।
এ ঘটনায় কারখানার অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং নিখোঁজ শ্রমিকদের সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
সূত্র: এএফপি, রয়টার্স ও এপি।
আরও আন্তর্জাতিক সংবাদ পড়ুন: তথ্য প্রকাশের আন্তর্জাতিক সংবাদ বিভাগ
আন্তর্জাতিক ডেস্ক 



















