গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ পুড়িয়ে দেওয়া এবং সরকারি সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া এজাহারে আরও সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।
গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন। শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখিত অন্য আসামিরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালুসহ আরও কয়েকজন।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে বিজিবির একটি দল টহল কার্যক্রম পরিচালনা করছিল।
এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকায় যাওয়ার পথে উপজেলার নিলফা বাজারে পৌঁছালে একদল ব্যক্তি সড়কে গাছ ফেলে তাদের চলাচলে বাধা সৃষ্টি করে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে সড়ক থেকে গাছ সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলেও পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলার সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন।
এজাহারে আরও বলা হয়েছে, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিন আগুনে ধ্বংস হয়। এছাড়া অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট এবং একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়।
একই ঘটনায় বিজিবির গাড়িতে থাকা সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটের অভিযোগও আনা হয়েছে। মামলার এজাহারে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বাহিনীর পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। মামলায় মোট ৫ হাজার ৮ জনকে আসামি করা হয়েছে।
আরও সংবাদ পড়ুন: গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার সর্বশেষ খবর, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় সংবাদ জানতে ভিজিট করুন তথ্য প্রকাশ।
গোপালগঞ্জ প্রতিনিধি 


















