মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ের বিল দাখিল এবং অগ্রিম অর্থ বরাদ্দের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ভ্রমণ ব্যয়ের সঙ্গে প্রয়োজনীয় প্রমাণক সংযুক্ত করা, নির্ধারিত সময়ের মধ্যে অগ্রিম সমন্বয় এবং বিলের তিন সেট জমা দেওয়াসহ মোট সাতটি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসেবা শাখা থেকে গত ৩ সেপ্টেম্বর এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়।
পরিপত্র অনুযায়ী, সরকারি কাজে দেশে কিংবা বিদেশে ভ্রমণ শেষে প্রকৃত ব্যয় পরিশোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে নির্ধারিত কাগজপত্রসহ বিল দাখিল করতে হবে।
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারপ্রধানের অনুমোদিত সারসংক্ষেপের কপি এবং দেশের অভ্যন্তরে ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের জারি করা অফিস আদেশের কপি বিলের সঙ্গে দিতে হবে।
যানবাহন ভাড়ার ক্ষেত্রে প্রকৃত ভাড়ার টিকিট, বিমান ভ্রমণের ক্ষেত্রে টিকিটের পাশাপাশি বোর্ডিং পাস, অনুমোদিত ভ্রমণ বিবরণী ও ভ্রমণসূচি জমা দিতে হবে। আবাসিক হোটেলে অবস্থান করলে প্রকৃত পরিশোধিত বিলের কপি বা যথাযথ প্রমাণকও সংযুক্ত করতে হবে।
বিদেশ ভ্রমণের ব্যয়ের ক্ষেত্রে বাংলাদেশি টাকার পাশাপাশি সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার বিনিময় হারসংক্রান্ত তথ্য দিতে হবে। অন্যান্য খরচের জন্য সংশ্লিষ্ট ভাউচার বা প্রমাণক সংযুক্ত করা বাধ্যতামূলক।
পরিপত্রে বলা হয়েছে, সরকারপ্রধানের অনুমোদিত সারসংক্ষেপে নির্ধারিত ভ্রমণ সময়ের চেয়ে বেশি সময় ভ্রমণ করলে অতিরিক্ত সময়ের জন্য নতুন করে অনুমোদন নিতে হবে।
অগ্রিম অর্থ বরাদ্দের ক্ষেত্রে অর্থ বিভাগের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করতে হবে। অগ্রিম অর্থ নিয়ে ভ্রমণ করলে ভ্রমণ শেষ হওয়ার এক মাসের মধ্যে অগ্রিম সমন্বয় বিল জমা দিতে হবে। আগের ভ্রমণের অগ্রিম বিল সমন্বয় না করলে পরবর্তী ভ্রমণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে না।
নথি ব্যবস্থাপনা ও অর্থ ছাড়ের প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে পর্যাপ্ত সময় হাতে রেখে অগ্রিম অর্থ বরাদ্দের বিল দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতিটি বিলের মূল কপিসহ মোট তিন সেট জমা দিতে হবে। বিলের সব ফটোকপি যথাযথভাবে সত্যায়িত থাকতে হবে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জারি করা এই পরিপত্রে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) শারমিন ইয়াসমিন।
পরিপত্রের অনুলিপি সব সিনিয়র সচিব ও সচিব, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একান্ত সচিব, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা (ডিডিও) এবং সংশ্লিষ্ট আইসিটি কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটের পরিপত্রের নির্ধারিত অংশে নির্দেশনাটি আপলোডের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

















