নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি তাঁর নিয়োগ করা নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাবের তথ্য অন্তর্ভুক্ত করার বিধান করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করা হয়েছে।
এ বিষয়ে বুধবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।
সংশোধিত বিধান অনুযায়ী, মনোনয়নপত্রের ফরম-১-এ নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ব্যবহৃত ব্যাংক হিসাবের তথ্যের সঙ্গে প্রার্থী অথবা তাঁর নিয়োগ করা নির্বাচনী এজেন্টের হিসাব নম্বর উল্লেখ করতে হবে।
একই সঙ্গে প্রার্থীর হলফনামা সংক্রান্ত কয়েকটি বিধানেও পরিবর্তন আনা হয়েছে। হলফনামার সংযুক্তি-১-এর ক্রমিক ৩(খ)-এর বিশেষ দ্রষ্টব্য অংশে সংশোধন করে কিছু তথ্য দাখিলের বিষয়টি ঐচ্ছিক করা হয়েছে। আগে যেসব তথ্য ‘সংযুক্ত করিতে হইবে’ বলা ছিল, সংশোধনের পর সেগুলো ‘দাখিল ঐচ্ছিক মর্মে বিবেচিত হইবে’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
হলফনামার ক্রমিক ৩(গ)-এ ‘অভিযুক্ত’ শব্দটির ব্যাখ্যাও স্পষ্ট করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, ‘অভিযুক্ত’ বলতে এমন আসামিকে বোঝাবে, যার বিরুদ্ধে আদালত অভিযোগ (চার্জ) গঠন করেছে।
এ ছাড়া স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়ার বিষয়টিও ঐচ্ছিক করা হয়েছে। সংশোধিত বিধিমালার ক্রমিক ১০-এর বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে, ছকের ক্রমিক ২, ৩ ও ৪-এ উল্লিখিত স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়া ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে।
নির্বাচনী প্রতীক বরাদ্দের ক্ষেত্রেও সংশোধিত বিধিমালায় নতুন বিধান যুক্ত হয়েছে। সংশোধিত বিধি ৯-এর উপবিধি (১) অনুযায়ী, অন্যান্য বিধান সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফা (১)-এর অধীন স্থগিত প্রতীক বাদ দিয়ে তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা অনুযায়ী যেকোনো একটি প্রতীক বরাদ্দ দেওয়া যাবে।
প্রজ্ঞাপনে মোট ১২০টি নির্বাচনী প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার ৬৫ নম্বরে ‘নৌকা’ প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে সংশোধিত বিধান অনুযায়ী, স্থগিত প্রতীক বাদ দিয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রাপ্যতার ভিত্তিতে প্রতীক বরাদ্দ করা হবে।
নিজস্ব প্রতিবেদক 
















