বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজাসহ মো. রুহুল হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়। অভিযানের মধ্যে আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর রসুলপুর বরফকল এলাকার সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রুহুল হাওলাদার নগরীর কলাপট্টি এলাকার বাসিন্দা।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম শনিবার দুপুর ১২টার দিকে অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর বরফকলের সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়। ওই চেম্বার থেকে স্কচটেপে মোড়ানো ৩০টি পলিথিনের প্যাকেটে থাকা মোট ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের সময় মো. সিরাজ মিয়া ও মো. পলাশ হাওলাদার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কুমিল্লা থেকে বিশেষ কৌশলে এসব গাঁজা বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো। আটক রুহুল হাওলাদারকে এ চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বরিশাল প্রতিনিধি 


















