মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। চীনা সরকারের অর্থায়নে বাস্তবায়ন হতে যাওয়া এ প্রকল্প ঘিরে ইতোমধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় তাঁর সঙ্গে চীনা প্রকৌশলী এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনে গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদাত আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলী হায়দার খানসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেতু না থাকায় আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে নদী পার হয়ে মাদারীপুর শহরে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বর্ষা, ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় নৌযানের ওপর নির্ভরশীলতা বেড়ে যায়। এতে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়।
এলজিইডি সূত্রে জানা যায়, সেতু নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে সমীক্ষা সম্পন্ন হয়েছে। প্রকল্প বাস্তবায়নে চীন সরকারের সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদাত আলী বলেন, সেতু নির্মাণ প্রকল্পে বর্তমানে বড় ধরনের কোনো জটিলতা নেই। চীন সরকারের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং চীনা প্রকৌশলীরা প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। খুব শিগগিরই পরবর্তী কার্যক্রম শুরু হবে।
সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া জানান, দ্রুত সেতু নির্মাণকাজের উদ্বোধন করতে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। শিগগিরই জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে প্রকল্পের অন্যান্য কাজ সম্পন্ন করা হবে।
সেতুটি নির্মিত হলে আড়িয়াল খাঁ নদ পারাপারে দীর্ঘদিনের দুর্ভোগ কমার পাশাপাশি মাদারীপুর সদর উপজেলার কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
মাদারীপুর প্রতিনিধি 


















