চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে নতুন করে কোনো সন্ত্রাসী আস্তানা গড়ে তুলতে কিংবা অপরাধীদের আশ্রয় নিতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম।
বুধবার (২৫ নভেম্বর) জঙ্গল সলিমপুর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনের অংশ হিসেবে ডিআইজি জঙ্গল সলিমপুরের আলীনগর, ছিন্নমূলসহ বিভিন্ন এলাকা এবং সেখানে স্থাপিত পুলিশ ক্যাম্প ঘুরে দেখেন। এ সময় তিনি এলাকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সাংবাদিকদের ব্রিফিংকালে ডিআইজি বলেন, জঙ্গল সলিমপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দৃঢ়ভাবে কাজ করছে। চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম ও যৌথ টহল আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, কোনো অপরাধী চক্রকে নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। এলাকায় অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এ সময় অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 



















